ঢাকায় এক আবেগঘন বার্তায় সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন–এর মুক্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী শাম্মী আক্তার। তিনি অভিযোগ করেছেন, কোনো সুনির্দিষ্ট অপরাধ ছাড়াই তার স্বামী ১৬ মাস ধরে কারাগারে আছেন।
মঙ্গলবার দেওয়া বিবৃতিতে শাম্মী আক্তার বলেন, “কোনো অপরাধ ছাড়া আজ ১৬ মাস যাবৎ কারাগারে বন্দি আমার স্বামী। আমার বাচ্চারা তাদের বাবার আদর-ভালোবাসা থেকে বঞ্চিত। তারা কেন কষ্ট পাবে?”
তিনি দেশ-বিদেশে অবস্থানরত সুমনের শুভানুধ্যায়ীদের প্রতিবাদের আহ্বান জানান এবং বিচার বিভাগের কাছে জামিন না পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “কেন উনাকে জামিন দেওয়া হবে না? আপনাদের কাছে আমার আকুল আবেদন সবাই প্রতিবাদের আওয়াজ তুলুন।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন সুমন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যার অভিযোগে একাধিক মামলা হয়।
২০২৪ সালের ২২ অক্টোবর ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি কোনো অপরাধ করিনি, আমি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত।”
বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে এবং জামিন দেওয়া হচ্ছে না। স্ত্রী শাম্মী আক্তার বলেন, “যিনি দেশকে ভালোবাসেন, জনগণের জন্য কাজ করেছেন, তার সঙ্গে এমন আচরণ কেন?”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
