বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভা শপথ চিরাচরিত বঙ্গভবনের দরবার হলের বদলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ নির্ধারিত। প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
স্বাধীনতার পর সব সরকারের শপথ বঙ্গভবনে হয়েছে, কিন্তু বিএনপির পছন্দে সংসদ ভবনে খোলা আকাশের নিচে অনুষ্ঠান হবে। এটি রাজনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে এবং সরকার গঠনের প্রক্রিয়ায় নতুনত্ব এনেছে।
শপথ অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের খুব বেশি আনুষ্ঠানিকতা নেই। এখানে আলাদাভাবে অতিথিদের আমন্ত্রণ জানানো বা আপ্যায়নের ব্যবস্থা করতে হয় না।’
‘মন্ত্রিসভার শপথে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ, তাদের আপ্যায়ন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনাসহ নানান ধাপের কার্যক্রম পরিচালনা করতে হয়। শেষ মুহূর্তে এ ধরণের সিদ্ধান্ত হওয়ায় শপথ অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন পর্ব নিয়ে নতুনভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে’, যোগ করেন তিনি।
