সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর টহল দলের সদস্যের বিরুদ্ধে যুবককে ‘পিটিয়ে মেরে ফেলার’ অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে কাকবাশিয়া বাজারে নিহত ইসমাইল হোসেন (২২) জেলেখালির মহিরউদ্দীন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যার দিকে ইসমাইল হোসেন তার দুই বন্ধুসহ একটি মোটরসাইকেলে করে হেলমেট ছাড়া কাকবাশিয়া বাজারের দিকে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তারা।
এ সময় সেনাসদস্যরা তাদের মোটরসাইকেল থামিয়ে ইসমাইল হোসেনকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই সেনাবাহিনীর টহল দলটি সেখান থেকে চলে যায় বলে স্থানীয়দের দাবি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সেনাক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর বলেন, এ ধরনের কোনো ঘটনা জানা নেই।
আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান বলেন, ‘ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, মৌখিকভাবে তিনি এ ধরনের একটি অভিযোগের কথা শুনেছেন। তবে কী কারণে বা কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাশাপাশি তিনি বর্তমানে ক্যাম্পের বাইরে অবস্থান করছেন বলেও জানান।
