আন্তর্জাতিক ডেস্ক
মার্কেটিং ও সেলস এ দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে ন্যূনতম ৬০ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে। ফলে প্রবাসী কর্মীদের জন্য বিষয়টি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী রয়েছে, তাদের জনবলের ৬০ শতাংশ স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে।
মার্কেটিং খাতে এর আওতায় পড়ছে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগসহ গুরুত্বপূর্ণ পদগুলো।
সেলস খাতেও একইভাবে সৌদিনির্ভরতা বাড়ানো হচ্ছে। বিক্রয় ব্যবস্থাপক, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞসহ একাধিক পদে স্থানীয় নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি ঘোষণার তিন মাস পর দেশজুড়ে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
মন্ত্রণালয় জানায়, এসব পদে নিয়োজিত সৌদি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ৫ হাজার ৫০০ রিয়াল নির্ধারণ করা হয়েছে। বেসরকারি খাতে সৌদি নাগরিকদের চাকরি আরও আকর্ষণীয় করা এবং কর্মস্থলে স্থায়িত্ব নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
বিশেষজ্ঞদের ধারণা, এ সিদ্ধান্ত কার্যকর হলে মার্কেটিং ও সেলস পেশায় কর্মরত কয়েক লাখ প্রবাসী বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। অনেকের চাকরি ঝুঁকিতে পড়ার আশঙ্কাও করা হচ্ছে।
সৌদি গ্যাজেটের বরাতে জানা গেছে, শ্রমবাজারের মানোন্নয়ন এবং দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থান তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ। দীর্ঘদিনের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন খাতে সৌদিকরণ প্রক্রিয়া আরও জোরদার করা হলো।
সূত্র: সৌদি গ্যাজেট
