আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় ভিসা বন্ড বাধ্যতামূলক করা হচ্ছে।
১৯ জানুয়ারি (সোমবার) দুপুরে ইউএস অ্যাম্বেসি ঢাকা এক বিজ্ঞপ্তিতে জানায়, ২১ জানুয়ারির পর যারা বি১/বি২ ভিসায় অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।
তবে ২১ জানুয়ারির আগে যেসব বাংলাদেশি নাগরিকের বৈধ বি১/বি২ ভিসা ইস্যু করা হয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড জমা দিলেও তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না।
এ ছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা অননুমোদিত মাধ্যমে অর্থ পরিশোধ থেকে বিরত থাকতে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। এসব মাধ্যমে লেনদেন প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়।
দূতাবাস আরও জানায়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে পালন করলে নির্ধারিত সময় শেষে ভিসা বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক সফরের পরিকল্পনায় থাকা বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় বাড়তি আর্থিক প্রস্তুতির প্রয়োজন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
