দেশে ধারাবাহিক সহিংসতা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হত্যা, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল দেওয়া এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, সংখ্যালঘুদের ওপর সংঘটিত সহিংসতার ঘটনায় সরকার বারবার তদন্ত ও বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। দেশি ও বিদেশি উস্কানিদাতা এবং পৃষ্ঠপোষক গোষ্ঠীর মদদে এসব ঘটনা ঘটছে বলেও তারা মনে করেন।
বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ড, সংখ্যালঘু নাগরিকদের হত্যা এবং তাদের বাড়িঘর ও স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতেই এসব সহিংসতা চালানো হচ্ছে বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে।
বিশিষ্ট নাগরিকেরা মনে করেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিঘ্নিত করতেই এই সহিংস কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তবে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না, যা উদ্বেগজনক।
বিবৃতিতে চারটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—সংখ্যালঘু হত্যা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনা; উস্কানিদাতা ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া; সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট ও ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ।
বিবৃতিতে সই করেন সুলতানা কামাল, খুশী কবির, রাশেদা কে. চৌধুরী, জেড আই খান পান্না, ইফতেখারুজ্জামান, আনু মুহাম্মদ, শাহীন আনাম, ফিরদৌস আজিম, শামসুল হুদাসহ দেশের বিভিন্ন খ্যাতিমান নাগরিক ও অধিকারকর্মীরা।
