দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা নিউজ’-এর বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২০২৪ সালের জুলাই মাস থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
নিউইয়র্কভিত্তিক এই সংবাদমাধ্যমে তিনি উপস্থাপনা করছিলেন জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। তার উপস্থাপনায় শোটির প্রথম সিজন ব্যাপক সাড়া ফেলে। মোট ১২টি পর্বে বাংলাদেশের জনপ্রিয় তারকারা অতিথি হিসেবে অংশ নেন। ডিজিটাল প্ল্যাটফর্মে শোটির ভিডিওগুলো ব্যাপকভাবে আলোচিত হয় এবং প্রথম সিজনেই পাঁচ কোটির বেশি ভিউ অর্জন করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জায়েদ খান বলেন, ভিউয়ের সংখ্যার চেয়ে দর্শকের ভালোবাসাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি জানান, দর্শকদের বিশ্বাস ও সমর্থনই এই কাজকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
সফল উপস্থাপনার পর এবার নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলেন তিনি। নতুন দায়িত্ব প্রসঙ্গে জায়েদ খান বলেন, ঠিকানা নিউজে সামনে আরও নতুন ও বড় আয়োজন আসছে। সেই লক্ষ্যেই তিনি হেড অব এন্টারটেইনমেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে যান জায়েদ খান। পরবর্তীতে আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি আর দেশে ফেরেননি। দেশে ফেরার আগ্রহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখান থেকেই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন।
