ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘ তথাকথিত জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে তথাকথিত আন্দোলন সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগের তদন্তে সুরভীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তদন্তে উঠে এসেছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং ওই চক্রের নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে আনুমানিক ৫০ কোটি টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। মামলার আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কা দেখিয়ে পরে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত লাইভ ও আলোচিত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পরিচিতি পান।
পুলিশ আরও জানায়, নিজের ভাইরাল পরিচিতিকে ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
