লক্ষ্মীপুরে ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছে বিএনপি নেতার বড় মেয়ে স্মৃতি আক্তার। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে স্মৃতি আক্তারের বয়স ছিল ১৮ বছর। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন বিবিসি বাংলাকে জানান, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল, যা তার অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন করে তোলে।
এর আগে গত শুক্রবার গভীর রাতে (১৯ ডিসেম্বর) লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই আগুনে তার সাত বছর বয়সী ছোট মেয়ে আয়েশা আক্তার ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দেয়।
স্থানীয় গণমাধ্যমকর্মী পাবেল হোসেন বিবিসি বাংলাকে জানান, ঘটনার রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর অজ্ঞাত ব্যক্তিরা বাইরে থেকে ঘরের মূল দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে পরিবারটির বেরিয়ে আসার সুযোগ ছিল না।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
