মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ঘৃণাস্তম্ভ’ শিরোনামে একটি প্রতীকী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবিতে ময়লা নিক্ষেপ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। প্রদর্শনীতে একটি খুঁটির সঙ্গে মোট ১০টি ছবি ঝুলিয়ে রাখা হয়। ছবিগুলোর নিচে স্তূপ করে রাখা হয় ময়লা-আবর্জনা। পাশে রাখা ছিল একটি ডাস্টবিন, যেখানে দর্শনার্থীরা প্রতীকীভাবে ময়লা নিক্ষেপ করেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে থাকা ছবিগুলো গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর। এআই প্রযুক্তির সহায়তায় কয়েকটি ছবিতে তাঁদের চেহারায় পরিবর্তন আনা হয়েছে।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং আল-বেরুনী হল সংসদের জিএস মুন্তাসির বিল্লাহ খান বলেন, রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধবিরোধীদের অবস্থান ইতিহাসে আবর্জনার মতোই। প্রতীকী অর্থে তাঁদের ছবির নিচে ময়লা নিক্ষেপের মাধ্যমে সেই অবস্থানই তুলে ধরা হয়েছে।
