নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল। ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সেই উদ্বেগ আরও বেড়ে যায়। পরিবারের বারবার অনুরোধের কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মাসুদুজ্জামান জানান, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তবে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দলকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
তার এই আকস্মিক ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন এ সিদ্ধান্তে প্রকাশ্য ক্ষোভও জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে মো. মাসুদুজ্জামান মাসুদকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
