সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার রাত প্রায় ৮টার দিকে ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে নিয়ে যায়। বিষয়টি জানার জন্য ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে একাধিক পোস্টে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার তথ্য জানানো হয়। এসব পোস্টে বলা হয়েছে, তিনি নিজেও পরিচিতজনদের ফোনে জানিয়েছেন যে ডিবি প্রধান কথা বলবেন জানিয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম ব্যায়ামাগার থেকে তাকে নিয়ে যায়।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।
