ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এবং ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মুছা মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় হোসেনপুর পাঠামারা জোয়ারার বিল থেকে তাঁর লাশ পাওয়া যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত হত্যা কে বা কারা করেছে, কেন করেছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
নিহতের ছেলে মোহাম্মদ উজ্জল মিয়া জানান, তাঁদের পরিচিত ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন করে বলেন, তাঁর বাবাকে গলা কেটে হত্যা করা হয়েছে। উজ্জল ঘটনাস্থলে গিয়ে বাবার নিথর দেহ দেখে নিশ্চুপ হয়ে যান। তিনি বলেন, “আমি সুষ্ঠু তদন্ত চাই। বাবাকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।”
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, “সন্ধ্যায় খবর পাই হোসেনপুর এলাকায় একজনের লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি মৃত ব্যক্তি আবু মুসা, সাবেক ইউপি সদস্য। তাঁর গলা কাটা অবস্থায় লাশ পড়ে ছিল।”
ওসি আরও জানান, “আমরা প্রাথমিক তদন্ত করছি। তদন্ত শেষ হলে জানা যাবে কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাশ সুরতহাল শেষে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।”
