বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনাল ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ওইদিন তাঁকে তাঁর একাডেমিক সনদ ও বার কাউন্সিলের সার্টিফিকেটও জমা দিতে হবে।
গত ২৬ নভেম্বর প্রসিকিউশন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে। অভিযোগের ভিত্তি ছিল ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশো। সেখানে শেখ হাসিনার রায় নিয়ে ফজলুর রহমানের মন্তব্যের কিছু অংশ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
ট্রাইব্যুনাল বলেছে, এসব মন্তব্য আদালত অবমাননার শামিল কি না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে ফজলুর রহমানকে হাজির হতে হবে।
এর আগে, জুলাই মাসে অভ্যুত্থান নিয়ে মন্তব্য করার ঘটনায় বিএনপি ২৬ আগস্ট তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব রাজনৈতিক পদ তিন মাসের জন্য স্থগিত করে।
