নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে করা একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করার পর আদেশ স্থগিত রাখেন। পরবর্তীতে মামলার আবেদনে কোনো আইনগত বা বস্তুগত উপাদান না থাকায় আদালত তা খারিজের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালত কর্তৃক মামলার আবেদন খারিজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে ড. সৈয়দা রেজওয়ানা হাসান, শফিকুল আলম, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সারোয়ার ফারুকী, আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, পিনাকী ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনসহ বেশ কয়েকজন সাবেক উপদেষ্টা, সামাজিক কর্মী ও এনসিপি নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।
অভিযোগে দাবি করা হয়, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের উসকানিতে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আদালত বাদীর আরজি ও উপস্থাপিত জবানবন্দি পর্যালোচনা করে দেখতে পান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা এই আবেদনে আসামিদের বিরুদ্ধে প্রাথমিক কোনো আইনগত তথ্য বা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নেই।
আইনজীবীদের মতে, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই ভিত্তিহীন মামলার আবেদন করা হয়েছিল, যা আদালত সঠিকভাবে পর্যবেক্ষণ করে শুরুতেই নাকচ করে দিয়েছেন।
