নিজ নির্বাচনী এলাকায় গেলে ক্ষোভের মুখে পড়তে হয় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে। রবিবার দুপুরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে গেলে স্থানীয়দের একাংশ তাকে ঘিরে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফুয়াদ বলেন, স্থানীয়দের চাঁদা দাবির কারণে সেতু নির্মাণের কাজ আটকে ছিল। তার এ মন্তব্যের পরই জনতা উত্তেজিত হয়ে ওঠে।
ঘটনার পর বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল ব্যারিস্টার ফুয়াদকে এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে। ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন অভিযোগ করেন, ফুয়াদ বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ হিসেবে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা দাবি করা হয়েছে এমন অভিযোগ গণমাধ্যমে ছড়িয়েছেন। এই বক্তব্যের প্রতিবাদে স্থানীয়রা প্রতিক্রিয়া দেখিয়েছে বলেও জানান তিনি।
