তারাগঞ্জের রহিমাপুর চাকলা গ্রামে বাড়ির ভেতর গলা কেটে হত্যা করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবনা রায়কে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। রোববার সকালে কাজের লোকের ডাকাতাকিতে কোনো সাড়া না পেলে গ্রামবাসীর সহায়তায় ঘরের ভেতরে ঢুকে তাদের মরদেহ দেখা যায়।
তারাগঞ্জ থানার এস আই ছাইয়ুম হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। পরে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
যোগেশ চন্দ্র রায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। দুই ছেলেই পুলিশে কর্মরত—বড় ছেলে সুবেন চন্দ্র রায় জয়পুরহাটে এএসআই এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় কর্মরত।
বাড়ির কাজের লোক দিপক রায় জানান, প্রতিদিনের মতো সকালে গিয়ে ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সন্দেহ হওয়ায় তিনি গ্রামের কয়েকজনকে নিয়ে মই দিয়ে বাড়িতে ঢোকেন। এরপরই দেখা যায় দম্পতির নিথর দেহ।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়।
