আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রিয়েল আইডি ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের জন্য নতুন একটি ফি আরোপ করা হবে। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) সোমবার এক ঘোষণায় জানিয়েছে, যাত্রীদের জন্য এই ফি হবে ৪৫ ডলার।
এ বছর মে মাসে রিয়েল আইডি বাধ্যতামূলক করার পর থেকে যাত্রীরা এখনও অতিরিক্ত স্ক্রিনিংয়ের মাধ্যমে নিরাপত্তা চৌকি পার হতে পারছিলেন। তবে, নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, যাত্রীদের ৯৪ শতাংশ ইতোমধ্যে রিয়েল আইডি সংগ্রহ করেছেন এবং বাকি যাত্রীদের উৎসাহিত করতে নতুন ফি আরোপ করা হচ্ছে।
রিয়েল আইডি একটি ফেডারেল মানসম্পন্ন রাজ্য-প্রদত্ত পরিচয়পত্র, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর নিরাপত্তা ব্যবস্থার উন্নতির অংশ হিসেবে চালু করা হয়। অধিকাংশ রাজ্যে এই আইডির উপর সাদা তারকা-চিহ্নিত হলুদ বৃত্ত থাকে। রিয়েল আইডি পেতে সাধারণ আইডির তুলনায় অতিরিক্ত নথি জমা দিতে হয়।
টিএসএ জানায়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী যেসব যাত্রী রিয়েল আইডি ছাড়াই অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করবেন এবং তাদের কাছে পাসপোর্ট বা অন্য কোনো গ্রহণযোগ্য পরিচয়পত্র থাকবে না, তাদেরকে “কনফার্ম.আইডি” নামে বিকল্প পরিচয় যাচাই ব্যবস্থার জন্য ৪৫ ডলার ফি দিতে হবে।
যাত্রীদের আরও সতর্ক করে বলা হয়েছে যে, ফি প্রদান করলেই পরিচয় যাচাই নিশ্চিত হবে না। যদি কোনো যাত্রীর পরিচয় যাচাই করা সম্ভব না হয়, তবে তাকে ফিরিয়ে দেওয়া হতে পারে। তবে যাচাই সম্পন্ন হলে তা ১০ দিনের ভ্রমণকাল পর্যন্ত প্রযোজ্য থাকবে। ফি অনলাইনে পরিশোধ করা যাবে এবং বিমানবন্দরে পৌঁছেও এটি পরিশোধ করা সম্ভব, তবে এতে ৩০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।
প্রাথমিকভাবে, টিএসএ ১৮ ডলার ফি প্রস্তাব করেছিল, কিন্তু বিকল্প পরিচয় যাচাই প্রোগ্রামের ব্যয় বেশি হওয়ায় ফি পরবর্তীতে ৪৫ ডলারে বৃদ্ধি করা হয়েছে।
রিয়েল আইডি ছাড়াও যেসব পরিচয়পত্র গ্রহণযোগ্য, সেগুলোর মধ্যে রয়েছে সামরিক পরিচয়পত্র, স্থায়ী বাসিন্দা (গ্রীন) কার্ড এবং ফেডারেল স্বীকৃত উপজাতীয় জাতিগোষ্ঠীর প্রদত্ত ফটো আইডি। এছাড়া, অ্যাপল ওয়ালেট, গুগল ওয়ালেট এবং স্যামসাং ওয়ালেটের ডিজিটাল আইডিও যুক্তরাষ্ট্রের আড়াই শতাধিক বিমানবন্দরে গ্রহণযোগ্য।
