পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কারা কর্তৃপক্ষ সত্য গোপন করছে বলে অভিযোগ তুলেছেন তার পরিবার।
পরিবারের সদস্যরা রয়টার্সকে জানান, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্যরা কিংবা দলীয় কর্মীরা দেখা করতে পারছেন না। এসময় গুজব ছড়িয়ে পড়ে যে, তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হচ্ছে, এমনকি তিনি মারা গেছেন এমন কথাও শুনা যায়।
যদিও পাকিস্তানি কারা কর্তৃপক্ষ দাবি করেছে যে ইমরান খান সুস্থ আছেন, তবে দীর্ঘ সময় ধরে তার সঙ্গে যোগাযোগ না হওয়ায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলেরা।
ইমরান খানের ছেলে কাসিম খান রয়টার্সকে বলেন, “আপনার বাবা নিরাপদ, আহত কিংবা বেঁচে আছেন কি-না তা না জানাটা এক ধরনের মানসিক নির্যাতন।” তিনি আরও জানান, “তার অবস্থার ব্যাপারে আমাদের কাছে কোনো সঠিক তথ্য নেই। আমাদের সবচেয়ে বড় ভয় হলো, আমাদের কাছ থেকে এমন কিছু লুকানো হচ্ছে যা অপরিবর্তনীয়।”
কাসিম খান বলেন, তারা বারবার ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে তার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন, কিন্তু গত এক বছর ধরে তারা তা পাননি।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে নাম প্রকাশ না করার শর্তে এক কারা কর্মকর্তা জানিয়েছেন, ইমরান খান সুস্থ আছেন এবং তার স্থানান্তরের বিষয়ে তারা অবগত নন।
