পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি ছোড়া জামায়াত কর্মী তুষার মণ্ডলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে, সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তুষারের কাছ থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তুষার মণ্ডল (২১) ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার পাবনা জেলা জামায়াতের আমির এবং পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৭ নভেম্বর ঈশ্বরদী থানার চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় তুষার মণ্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনার পর উভয়পক্ষ ঈশ্বরদী থানায় মামলা করে, যার মধ্যে তুষার মণ্ডলকে ৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষের পর তুষার মণ্ডল পলাতক ছিল, তবে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকায় গোপন রাখা পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে সংঘর্ষে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
