ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম রয়েছে, তবে তিনি “চিকিৎসায় রেসপন্স” করছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মিসেস জিয়ার অসুস্থতার কারণে বিজয় দিবস উপলক্ষে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ‘মশাল রোড শো’সহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিএনপি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।
আগামী ১ ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শো মাধ্যমে বিএনপি বিজয়ের মাস উদযাপন শুরু করার কথা ছিল। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের মধ্য দিয়ে রোড শো শেষ হওয়ার পরিকল্পনা ছিল।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।”
অন্যদিকে চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, হাসপাতালে ‘নিবিড় পর্যবেক্ষণে’ থাকা খালেদা জিয়া ডাকলে মাঝে মধ্যে সাড়া দিতে শুরু করেছেন। চিকিৎসকরা এটিকে গত তিন দিনের তুলনায় আশাব্যঞ্জক হিসেবে দেখছেন।
সাবেক প্রধানমন্ত্রী নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তখন থেকে চিকিৎসাধীন রয়েছেন।
