বলিউডের কিংবদন্তি অভিনেতা এবং ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র আর নেই। সোমবার ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে তিনি মারা যান। মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
তার মৃত্যুসংবাদে ভারতজুড়ে শোক নেমেছে। সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্র অঙ্গনের মানুষজন গভীরভাবে মর্মাহত।
ধর্মেন্দ্র ১৯৬০ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এবং দ্রুতই অন্যতম বড় তারকায় পরিণত হন। তিন শতাধিক ছবিতে অভিনয় করা এই অভিনেতা রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন হিরো—সব চরিত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।
শোলে–তে বীরুর চরিত্র, ফুল আওর পাথর, সীতা অউর গীতা, চুপকে চুপকে, ধরম বীর এবং প্রতিজ্ঞা—তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য মাইলফলক। তার স্বাভাবিক অভিনয় ও শক্তিশালী পর্দা উপস্থিতি তাকে ভারত ছাড়িয়ে বিশ্বজুড়ে বিপুল ভক্ত এনে দেয়।
১৯৯৭ সালে তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। ২০১২ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণে সম্মানিত করে। তাকে শেষ দেখা গেছে ২০২৪ সালের ছবি ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’–য়, যেখানে তিনি শহীদ কাপুরের দাদার ভূমিকায় অভিনয় করেন।
ধর্মেন্দ্র রেখে গেছেন স্ত্রী হেমা মালিনী, প্রথম স্ত্রী প্রকাশ কৌর, ছেলে সানি ও ববি দেওল, এবং কন্যা এশা ও অহনা দেওলকে।
