পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান বলেছেন, অতীতের সবকিছু ভুলে বাংলাদেশ এবং পাকিস্তান এখন দুটি ভাতৃপ্রতিম দেশ। পাকিস্তান সর্বদা বাংলাদেশের কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশ-পাকিস্তান ভাই ভাই, অতীতের সবকিছু তারা ভুলে গেছে।”
ইসলাম ও বিশ্ব পরিস্থিতি নিয়ে বক্তব্য পাকিস্তানের এই বর্ষীয়ান রাজনীতিক বলেন, ইসলাম শান্তির ধর্ম হলেও বিশ্বজুড়ে আমেরিকা অশান্তি ছড়াচ্ছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মুসলমানরা শান্তিতে বিশ্বাসী হলেও আজ ফিলিস্তিনে তাদের রক্ত ঝরছে। মুসলমানদের পারস্পরিক অনৈক্যের কারণেই অন্যরা হামলার সুযোগ পাচ্ছে। মাওলানা ফজলুর রহমান জানান, জমিয়তে উলামায়ে ইসলাম দলমত–নির্বিশেষে মুসলিম ও অমুসলিম সবার অধিকারের জন্য কাজ করে এবং অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাকে তারা ফরজ মনে করে।
উলামাদের মেজাজ সংশোধনের আহ্বান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমী সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে ধর্মীয় নেতা (উলামায়ে কেরাম) ও দলের কর্মীদের রুচির মধ্যে সংশোধনী আনার আহ্বান জানান। তিনি কঠোর ভাষায় রক্ত দেওয়ার কথা বলা বা মাইকের সামনে গায়ের জোরে আইনবিরোধী কথাবার্তা বলার মতো কর্মকাণ্ডের সমালোচনা করেন।
সুধী সমাবেশে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মহাসচিব মাওলানা আবদুল গফুর হায়দারী ও জমিয়তে উলামায়ে ইসলাম নেপালের সহসভাপতি মাওলানা শফিকুর রহমান কাসেমী।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদসহ আরও অনেকে।
