ফোরটিন ডেস্ক : বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সাম্প্রতিক পুরস্কার ঘোষণা এবং সীমান্ত ও মাঠপর্যায়ের তৎপরতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হামজা রহমান অন্তর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক কড়া বিবৃতিতে তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সমমনা নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং বিজিবির সাম্প্রতিক অবস্থানের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বিবৃতিতে হামজা রহমান অন্তর উল্লেখ করেন, বিজিবি যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে দেশের জনগণ তা মেনে নেবে না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বাহিনীটির সেই ঐতিহ্য ভুলে গিয়ে জনগণের প্রতিনিধিদের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত নয়।
সম্প্রতি পলাতক ও সীমান্ত অতিক্রমের চেষ্টাকারী নেতাকর্মীদের তথ্য দিলে নগদ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার যে ঘোষণা বিজিবির পক্ষ থেকে এসেছে, তার তীব্র সমালোচনা করেন হামজা রহমান অন্তর। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তিনি বিজিবি প্রধানের বিরুদ্ধে ৫ লাখ টাকা পুরস্কারের পাল্টা ঘোষণা দেন এবং কঠোর ভাষায় সতর্কবার্তা প্রদান করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা যদি সীমান্তরক্ষীদের হাতে নিরাপদ না থাকেন, তবে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারাও নিরাপদ থাকবেন না। স্বাধীনতা ও অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি লেখেন, “এই দেশ আমরা জন্ম দিয়েছি, এই দেশে আমাদের অধিকার কীভাবে বুঝে নিতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে। কাউন্টডাউন শুরু এখন থেকে!”
উল্লেখ্য, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে এবং পলাতক নেতাকর্মীদের ধরতে বিজিবির পক্ষ থেকে সম্প্রতি ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ও সীমান্তে নজরদারি বৃদ্ধির পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও উত্তেজনা বিরাজ করছে।
