নিজস্ব প্রতিবেদক: ‘আমাকে ছাড়া ছেলে বাঁচবে না। প্রতিদিন রাতে ছেলেকে ওষুধ দিতে হয়, আমি ছাড়া ওষুধ দেওয়ার কেউ নেই।’ গ্রেপ্তারের পর এমন আকুতি জানিয়েছিলেন যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী। মায়ের সেই আকুতির মধ্যেই এবার মারা গেল তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে তূর্য।
তূর্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট মামা শেখ সালাউদ্দিন নান্না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছোট বোনের ছেলে তুর্য আর নেই। চরম অবহেলা আর বিনা চিকিৎসায় চলে গেলো না ফেরার দেশে। জেলে থাকা মাকে ছাড়া তুর্য আর বাঁচতে পারলো না।’
তূর্যের মৃত্যুর জন্য অবহেলা ও বিনা চিকিৎসাকে দায়ী করেছেন তার মামা। তবে শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, চিকিৎসার বিবরণ এবং মৃত্যুর সময় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
যেভাবে কারাগারে শারমিন
শারমিন সুলতানা শর্মী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
শারমিনের গ্রেপ্তারের পর তাঁর দুই সন্তানকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাঁদের মধ্যে একজন বিশেষ চাহিদাসম্পন্ন। তূর্যের সম্প্রতি অস্ত্রোপচার হয়েছিল। তার নিয়মিত ওষুধ ও বিশেষ পরিচর্যার প্রয়োজন ছিল। এসব দায়িত্ব মূলত শারমিনই পালন করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
গ্রেপ্তারের পর শারমিনের সন্তানের চিকিৎসা ও দেখভালের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। ছেলেকে প্রতিদিন রাতে ওষুধ খাওয়াতে হয় এবং তিনি ছাড়া সেই ওষুধ দেওয়ার কেউ নেই বলে জানিয়েছিলেন তিনি। সন্তানকে একা রেখে কারাগারে থাকার অসহায়ত্বও প্রকাশ পেয়েছিল তাঁর বক্তব্যে।
শারমিনের মুক্তির দাবিও উঠেছিল
শারমিনের গ্রেপ্তারের পর সন্তানদের বিশেষ পরিচর্যার প্রয়োজনীয়তা বিবেচনায় তাঁর মুক্তির দাবি ওঠে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও মানবিক বিবেচনায় তাঁর জামিনের বিষয়টি দেখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
গত ৫ অক্টোবর কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিনের মুক্তির দাবি জানান। পরে ৯ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও তাঁর জামিনের পক্ষে বক্তব্য দেন। শারমিনের দুই সন্তানের পরিস্থিতি বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখার আহ্বান জানান তিনি।
তবে এসব দাবি ও উদ্বেগের মধ্যেও কারাগারেই থাকতে হয় শারমিনকে। এর মধ্যে তাঁর ছেলে তূর্যের মৃত্যুর খবর জানালেন ছোট মামা শেখ সালাউদ্দিন নান্না।
