নিজস্ব প্রতিবেদক: বরগুনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের সামনেই মশাল মিছিল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মিছিল বের করেন তারা।
জানা গেছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলটি বের করা হয়। মিছিলটি আলিয়া মাদ্রাসা সড়ক থেকে শুরু হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বালিকা উচ্চবিদ্যালয় সড়কে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
অভিযোগ উঠেছে, মিছিলটি পুলিশের সামনে দিয়ে গেলেও বাধা দেওয়া হয়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের মধ্যে একটি মশাল মিছিল বের করে পুলিশের মুখোমুখি হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।
