ফোরটিন ডেস্ক : সারা দেশে গত ১০ দিনে (১০ থেকে ১৯ নভেম্বর) ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশের ৪০টি জেলায় সংঘটিত এসব হামলার মধ্যে সর্বোচ্চ আটটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে এবং দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ঘটনা ঘটেছে গাজীপুরে। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক প্রতিবেদনে (নোট) এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
হামলার ধরন ও ক্ষয়ক্ষতির চিত্র: ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষা তথ্য অনুযায়ী, ৭২টি ঘটনার মধ্যে ৩৩টি কার্যালয়ে সরাসরি পেট্রোল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ২৩টি স্থানে পেট্রোলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া কয়েকটি স্থানে কেরোসিন ব্যবহার করে, লাঠির মাথায় কাপড় প্যাঁচিয়ে আগুন ধরিয়ে এবং পাথর নিক্ষেপ করে হামলা চালানো হয়। এসব ঘটনায় পাঁচটি শাখা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য শাখার গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, পাসবই, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মাঠপর্যায়ের শাখা ছাড়াও সিলেট, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয়, সিলেটের জোনাল কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।
কর্মসূচির দিনগুলোতে বেড়েছে নাশকতা : সংশ্লিষ্টদের তথ্যমতে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের দিন আটটি শাখায় হামলার মধ্য দিয়ে এই ধারাবাহিক নাশকতার শুরু হয়। এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও লকডাউনের দিনগুলোতে হামলার মাত্রা তীব্রতর হয়। মোট ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গল ও বুধবার—যার মধ্যে কেবল বুধবার রাতেই ৩০টি এবং মঙ্গলবার ১৯টি শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
আইনি পদক্ষেপ ও ব্যাংক কর্তৃপক্ষের উদ্বেগ: গ্রামীণ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ৭২টি ঘটনার মধ্যে এখন পর্যন্ত সাতটি ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ছাড়া ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলমান থাকলেও ৪৮টি ঘটনায় এখনো থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা জিডি করা হয়নি।
ধারাবাহিক এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর আঘাত নয়; এর ফলে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা ও জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ।
