ফোরটিন ডেস্ক : অভিবাসীদের আইনি অধিকার রক্ষা এবং বিপদগ্রস্ত প্রবাসীদের আইনি সহায়তা প্রদানে ভূমিকার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের মিশিগানে সংবর্ধনা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অ্যাটর্নি মঈন চৌধুরী। আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরীকে এই সংবর্ধনা দেয় বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান।
১৮ নভেম্বর সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন সিটির বিসমিল্লাহ পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে দলমত-নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের প্রেক্ষাপটে বিপদে পড়া অসংখ্য প্রবাসীকে আইনি প্রক্রিয়ায় সহায়তা ও মুক্ত করতে মঈন চৌধুরীর ভূমিকার স্বীকৃতি জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনার জবাবে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “দল-মত নির্বিশেষে মক্কেলকে আইনি সেবা প্রদান করা একজন আইনজীবীর প্রথম ও প্রধান কর্তব্য।”
তিনি বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয় কিংবা রাজনৈতিক মতপার্থক্যকে প্রাধান্য দেওয়া উচিত নয়। মানুষের আইনগত অধিকার রক্ষাই হওয়া উচিত তাঁদের প্রধান লক্ষ্য। ন্যায়বিচার, পেশাগত সততা, দায়িত্ববোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা আইন পেশার মূল ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।
মঈন চৌধুরী আরও বলেন, প্রত্যেক মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। একজন আইনজীবীর দায়িত্ব হলো প্রচলিত আইন ও পেশাগত নীতিমালা অনুসরণ করে মক্কেলের আইনগত স্বার্থ রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা।
বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নেপথ্য সংগঠকদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মহাব্বত খান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিমন ও অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আযম (মাছুম)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সামিনা, অ্যাডভোকেট নুরুল ইসলাম মঈনুল, অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, অ্যাডভোকেট মহসিন চৌধুরী ও অ্যাডভোকেট রুকসানা।
সিলেটের সন্তান মঈন চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। প্রদত্ত তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিবন্ধিত প্রথম বাংলাদেশি অ্যাটর্নি। আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক হওয়ার পাশাপাশি ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের সঙ্গেও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছেন তিনি।
অভিবাসীদের অধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং প্রবাসী কমিউনিটির মধ্যে আইনগত সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন মঈন চৌধুরী। সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক জোরদার এবং প্রবাসীদের আইনি অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্বও তুলে ধরা হয়।
