নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর থানা এলাকার প্রধান ফটকের সামনে যুবলীগের ব্যানারে এক ঝটিকা মিছিল বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার জুমার নামাজের শেষ মুহূর্তে দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। মিছিলকারীদের মধ্যে আটজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাসুদ রানা, জয়, সতেজ, মোমেন, জুনায়েদ, আতিকুল ইসলাম ও আরিফ হোসেন। আটক ব্যক্তিদের বাড়ি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এবং সদর উপজেলার বাঘের বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অধিকাংশ মানুষ যখন জুমার নামাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখন থানার সামনে অর্ধশতাধিক যুবক একত্র হয়ে শেখ মুজিবুর রহমান ও যুবলীগ নেতাদের ছবি-সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল বের করেন। যুবলীগের মিছিলের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দেন। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখান থেকে ৮ জনকে ধরে থানায় সোপর্দ করা হয়। এই ঘটনার পর পৌর শহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
একটি রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার কারণে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের যেভাবে দলবদ্ধভাবে মব করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে, তা নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন নাগরিকদের মতে, মিছিল ও মতপ্রকাশ করা যেকোনো নাগরিকের মৌলিক অধিকার। তরুণদের ওপর এই ধরনের আচরণ গণতন্ত্র ও মানবাধিকারের চর্চাকে প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের পরিস্থিতির সুষ্ঠু তদন্ত ও অপ্রাপ্তবয়স্কদের আইনগত সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করছেন অনেকে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পৌর শহরে মিছিল বের করার চেষ্টা করা হয়েছিল। সময়মতো আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
