নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত জনসভাস্থল মাদ্রাসা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর ঐতিহ্যবাহী শাহ মখদুম ইনস্টিটিউট লাইব্রেরির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত রাফসান রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার মৃত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ঘরে ফেরেননি রাফসান। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়ে কিছুটা মানসিক হতাশায় ভুগছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাফসান নিয়মিত মাদ্রাসা মাঠে খেলাধুলা করতেন। তবে তিনি সাঁতার জানতেন না বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার সকালে খেলাধুলা শেষে প্রচণ্ড গরমে বা অসাবধানতাবশত পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান আরও জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাত বা সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্দেশ্যে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
