নিজস্ব প্রতিবেদক
ভারতের রাজনীতিতে যতই মতপার্থক্য থাকুক না কেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া এবং তাঁর পাশে থাকার প্রশ্নে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব—নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়—সবাই এক ও অভিন্ন অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক এমপি ও নেত্রী আসিফা আশরাফ পাপিয়া।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টকশোতে অংশ নিয়ে এই রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
টকশোতে পাপিয়া বলেন, ভারত সরকার বা অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন নিয়ে বাংলাদেশের একটি মহল যে আশার প্রদীপ জ্বেলে বসে আছে, তা সম্পূর্ণ অবাস্তব। তিনি উল্লেখ করেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অভ্যন্তরীণ বা দলীয় নানা বিষয়ে বিরোধ থাকতে পারে; কিন্তু শেখ হাসিনার নিরাপত্তা, আবাসন এবং তাঁর মর্যাদা রক্ষা করার প্রশ্নে তাঁরা সবাই একমত। ভারতের কোনো মূলধারার রাজনৈতিক দলই তাঁকে আশ্রয় দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার অবস্থান ও ভারতের ভূমিকা নিয়ে নানা ধরনের গুঞ্জন ও প্রচার চলেছিল। তবে বিএনপির একজন সাবেক নেত্রীর মুখ থেকে ভারতের রাজনৈতিক ঐকমত্যের এই বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে।
