ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভিবাসন কড়াকড়ির আঁচ এবার পৌঁছাল নিউইয়র্কের শান্ত শহর বাফেলোয়। রাতের আঁধারে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এক অভিযানে প্রবাসী বাংলাদেশিদের অতি চেনা এক মুখ হুট করেই গায়েব হয়ে গেছেন। দীর্ঘদিন মূল নিউইয়র্কে কাটিয়ে সম্প্রতি বাফেলোকে নতুন ঠিকানা বানিয়েছিলেন এনামুল হক। তবে সেখানেও শেষ রক্ষা হয়নি তাঁর।
গত ১৪ অক্টোবর রাতে বাফেলোয় হঠাৎ হাজির হয় আইসিইর দল। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে তুলে নেওয়া হয় নিজেদের হেফাজতে। প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনে নিয়মিত উপস্থিতি আর সামাজিক নানা কাজে যুক্ত থাকায় এনামুলের পরিচিতি ছিল বেশ। ফলে এই আটকের খবর জানাজানি হতেই পুরো বাফেলো ও আশপাশের প্রবাসী বাংলাদেশিদের ভেতর এক ধরনের চাপা আতঙ্ক তৈরি হয়েছে। কার দরজায় কখন টোকা পড়বে, সেই অনিশ্চয়তায় দিন কাটছে অনেকের।
ঘটনার পরপরই কমিউনিটির নেতারা সবাইকে সতর্ক থাকার তাগিদ দিচ্ছেন। তাঁরা স্পষ্ট করে বলছেন, আইসিইর কোনো কর্মকর্তা সামনে এলে বা হঠাৎ কেউ নিখোঁজ হলে ভয় পেয়ে সিদ্ধান্তহীনতায় থাকা যাবে না। আইসিইর অফিশিয়াল অনলাইন লোকেটরে খুঁজে নিজের লোক কোথায় আছে দ্রুত চিহ্নিত করা এবং এক মুহূর্তও দেরি না করে দক্ষ আইনজীবীর মাধ্যমে আইনি লড়াই শুরু করাই এখন একমাত্র পথ।
