নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ চন্দ্র মণ্ডল (৫৫) নামের এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ক্ষিতিশ চন্দ্র মণ্ডল তালা উপজেলার জেয়ালা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে বিশ্বনাথ ঘোষের মাছের ঘের থেকে ক্ষিতিশ চন্দ্র মণ্ডলকে আটক করা হয়। এরপর ঘেরের কর্মচারী গফফার, মালিক বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, হাবিবুর গাজী, ইব্রাহিম খাঁ ও সমর ঘোষসহ ১৫ থেকে ২০ জন মিলে তাঁর ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি কোপানো হয় এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়।
খবর পেয়ে নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল ভোরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে উদ্ধার করেন। এরপর সকাল ৮টার দিকে তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী পার্থ মণ্ডল ও প্রকাশ মণ্ডল জানান, ক্ষিতিশের পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাঁর দুই হাত-পা ভেঙে ফেলা হয়েছিল এবং মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের ক্ষত ছিল। স্ত্রী সুলেখা মণ্ডল জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে স্বামী তাঁর কাছে নির্যাতনকারীদের নাম বলে গেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার সকালে রোগীকে অত্যন্ত মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলাকালেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
