নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের অব্যাহত ধর্মঘট, কর্মবিরতি ও উত্তেজনাকর পরিস্থিতির মুখে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা পৃথক এক নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া বাকি সব বিভাগের উৎপাদন ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের কথা জানানো হয়।
বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো— ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড এবং ওলিও অ্যাপারেলস লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কিছু শ্রমিক বেতন বৃদ্ধি ও অন্যান্য নানা দাবি তুলে কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদন কাজ বন্ধ রেখে অবৈধ ধর্মঘট পালন করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার কাজে ফেরার আহ্বান জানানো হলেও শ্রমিকরা তা উপেক্ষা করে কারখানার অভ্যন্তরে চরম উত্তেজনাকর ও ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, শ্রমিকদের এই বিশৃঙ্খল আচরণের ফলে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও কারখানার মহামূল্যবান সম্পদের সুরক্ষা মারাত্মক ঝুঁকিতে পড়ে। এমন পরিস্থিতিতে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা একেবারেই অসম্ভব হয়ে পড়ায় বাধ্য হয়ে শ্রম আইনের ১৩(১) ধারা (‘কাজ নাই, বেতন নাই’) কার্যকর করে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা বিভাগ ছাড়া কারখানাগুলোর অন্য কোনো বিভাগে কাজ চলবে না। কারখানাগুলো পুনরায় কবে নাগাদ চালু হবে, তা পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।
