ফোরটিন ডেস্ক : পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর গত এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে দ্বিগুণেরও বেশি পণ্য আমদানি করার পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। তা সত্ত্বেও মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি রক্ষা করেনি ওয়াশিংটন। উল্টো ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’র অজুহাত দেখিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশি পণ্যের ওপর আরও ১৮ শতাংশ পর্যন্ত শুল্কারোপের প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক আমদানি মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ বাড়লেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় বেড়েছে ৩২ শতাংশেরও বেশি। গত অর্থবছরে বাংলাদেশ ৩৩১ কোটি ডলারের সুতা এবং ৩০০ কোটি ডলারের তুলা আমদানি করেছে; এর পাশাপাশি বিপুল পরিমাণ কাপড় ও ফাইবার আমদানি করা হয়েছে, যার বড় অংশই এসেছে চীন থেকে। চীনকে ‘নন-মার্কেট ইকোনমি’ (অ-বাজার অর্থনীতি) হিসেবে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন এখন ঢাকার ওপর চীন থেকে সুতা আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সুতা কেনার চাপ দিচ্ছে। এ অবস্থায় পোশাক ও বস্ত্র খাতের নেতারা সতর্ক করে বলেছেন, সুতা আমদানিতে এমন পরিবর্তন এলে উৎপাদন ব্যয় বহুগুণ বাড়বে এবং সংকটাপন্ন দেশীয় বস্ত্র খাত ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের এই ঝুঁকি এমন এক সময়ে এসেছে, যখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারেও বাংলাদেশের রপ্তানি বড় চাপের মুখে রয়েছে। দেশের মোট রপ্তানির প্রায় ৬১ শতাংশের গন্তব্য ইইউর ২৭ দেশের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে, বিপরীতে চীন ও ভিয়েতনামের রপ্তানি বাড়ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে প্রতিযোগী দেশগুলো বিকল্প বাজার হিসেবে ইউরোপে আরও সক্রিয় হলে সেখানে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়বে।
