নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি লেপন ও বিকৃতির চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের আদেশ অনুযায়ী—আমান উল্লাহ নূরী ওরফে আ ন ম আয়াস ও সাকিবুল হাসানের তিন দিন এবং অপর দুই আসামি সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের এএসআই মো. রেজাউল।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল গ্রেপ্তারকৃত চার আসামিকে আদালতে হাজির করে ঘটনার নেপথ্য অনুসন্ধানে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
নথি সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কায়দা করে কালি দেওয়ার চেষ্টা চালান একদল তরুণ-তরুণী। পুলিশ তাতে বাধা দিলে আসামিরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং ‘ভারতীয় আগ্রাসনবিরোধী’ স্লোগান দিতে থাকেন। সেখান থেকে চারজনকে আটক করে পুলিশ। ওই দিনই শাহবাগ থানার এসআই জিয়াউল হক বাদী হয়ে অনাকাঙ্ক্ষিত অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি ও ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচার ফুটপাত হকারমুক্ত করার পর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ ১০ জন বিখ্যাত ব্যক্তিত্বের প্রতিকৃতি অঙ্কন করে। পরবর্তীতে ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রতিকৃতিগুলোর কঠোর সমালোচনা করে পোস্ট দেওয়া হয়। তার পরদিনই আয়াসের নেতৃত্বে এ বিকৃতির চেষ্টা চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
