নিজস্ব প্রতিনিধি: চরম বাকস্বাধীনতা হরণের অভিযোগ উঠল কুষ্টিয়ার কুমারখালীতে। দেশজুড়ে তীব্র লোডশেডিং, জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে ভিডিও পোস্ট করার অপরাধে মো. রাকিবুল ইসলাম মামুন নামের এক মাধ্যমিক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ও বাকস্বাধীনতার আলোচনার মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম মামুন স্থানীয় যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, দেশের চলমান জনদুর্ভোগের সত্য চিত্র তুলে ধরে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেওয়াতেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে এই সম্মানিত শিক্ষককে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যোজনা মূলক মামলা দিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
শিক্ষক গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় সুশীল সমাজ, শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
একে ‘বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত’ আখ্যা দিয়ে অবিলম্বে শিক্ষকের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।
