ফোরটিন ডেস্ক : বিশ্ব দরবারে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সাহসী ও অদম্য অভিযাত্রী নাজমুন নাহার। গত ৭ আগস্ট এশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ ভুটান সফরের মাধ্যমে বিশ্বভ্রমণে নিজের ১৮৫তম দেশের মাইলফলক স্পর্শ করেছেন এই বিশ্বখ্যাত ভ্রমণকন্যা।
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রতিবেদন অনুযায়ী, বিগত ২৬ বছরের দীর্ঘ ও রোমাঞ্চকর পথচলায় নাজমুন নাহার পাহাড়, পর্বত, সাহারা মরুভূমি, সাগর, মহাসাগর ও দুর্গম দ্বীপসহ পৃথিবীর ১ হাজার ২৯৪টিরও বেশি ঐতিহাসিক স্থানে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছেন।
২০০০ সালে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার প্রোগ্রামের মাধ্যমে নাজমুন নাহারের এই বিশ্বজয়ের স্বপ্নযাত্রা শুরু হয়েছিল। এরপর শত প্রতিকূলতা ও দুর্গম পথ পার করে তিনি এগিয়ে গেছেন। ২০১৮ সালে জিম্বাবুয়ে সফরের মধ্য দিয়ে তিনি ১০০টি দেশ ভ্রমণের সেঞ্চুরি করেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে বাহামাস ভ্রমণের মাধ্যমে তাঁর ঝুড়িতে যুক্ত হয় ১৮৪টি দেশ। সর্বশেষ চলতি মাসে ভুটানে পা রেখে ১৮৫তম দেশের ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
শুধু ভ্রমণেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি নাজমুন। বিভিন্ন দেশের স্কুল-কলেজে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, ‘পৃথিবীকে রক্ষা করুন’ এবং ‘শিশুবিবাহ বন্ধ করুন’ বার্তা নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে বক্তব্য রেখেছেন। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’, জিম্বাবুয়ে সরকারের ‘ফ্ল্যাগ গার্ল’, সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া ‘ব্রেভ গার্ল’ ও যুক্তরাষ্ট্র থেকে ‘পিস টর্চ বেয়ারার অ্যাওয়ার্ড’সহ ৭০টিরও বেশি আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন।
বাংলাদেশের মানচিত্র ও পতাকাকে সমগ্র বিশ্বে সম্মানের স্থানে বসানো বিশ্বভ্রমণকন্যা নাজমুন নাহার জানান, বিশ্বকে জানার এবং বিশ্বমঞ্চে লাল-সবুজের বার্তা ছড়িয়ে দেওয়ার এই বিশ্বজয়ের অভিযান থামবে না।
