জবি প্রতিনিধি, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপহার দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম ।
আজ রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন তিনি।
এ সময় নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন ছাত্রদলের এই নেতা। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কাজী রফিকুল ইসলাম রফিক বলেন, “নবীন শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাণ। তাদের পথচলা সুন্দর ও সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করব। একই সঙ্গে সবাইকে পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
