ফোরটিন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরে নিজের বিদায়ী সিরিজ খেলা এবং হত্যাসহ সব মামলার মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এর বিনিময়ে সরকারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছেন তিনি। এর জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক অবস্থানের কারণে স্বৈরাচারের দোসর হিসেবে সাকিবের জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার আর কোনো পথ খোলা নেই; তাঁকে আদালতের পথেই আসতে হবে।
শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিব আল হাসান বলেন, “সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে আমি সানন্দে দেশে ফিরব। আদালতের মুখোমুখি হওয়া সহ যা যা করা প্রয়োজন, আমি সব করব। আমি জানি, আমি কোনো অন্যায় বা অপরাধ করিনি।”
তবে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া সাকিবের এই বক্তব্যের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, “একজন খেলোয়াড় হিসেবে আমরা বিষয়টি নিয়ে নমনীয় ছিলাম। কিন্তু যে প্রকাশ্যে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে, তার আর স্বাভাবিকভাবে আসার সুযোগ নেই। তাকে আসতে হলে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় আসতে হবে।”
সাক্ষাৎকারে সাকিব আরও ইঙ্গিত দেন, এখনই ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন তিনি। তিনি বলেন, “ক্যাপ্টেন (শেখ হাসিনা) যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। তারা যে নির্দেশনা দেবেন, আমরা সেটাই মেনে চলব।” উল্লেখ্য, গত বুধবার দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন সাকিব। রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে হওয়া সব মামলাকে ‘বানোয়াট’ দাবি করে ইতিপূর্বে তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করলেও কোনো সাড়া পাননি।
সাকিবের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, পতনের মুখ দেখা ফ্যাসিবাদী সরকারের সাবেক সদস্য হওয়ার কারণে জনগণের ক্ষোভের ফল ভোগ করছেন সাকিব। তিনি বলেন, “আইনের চোখে সাকিব আল হাসান একজন সাধারণ আসামি। পরিচয় বা পদবি যাই হোক না কেন, বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে তাঁকে অবশ্যই বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করতে হবে। এই বিষয়ে সরকারের আলাদা কিছু করার নেই।”
