ফোরটিন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক স্কুলছাত্রী (১৩) ও এক তরুণকে প্রকাশ্যে স্কুলের ভেতর দেবদারু গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর এক নির্মম অভিযোগ উঠেছে। এই বরবর ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর অপমানে ভুক্তভোগী স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন গোলদার (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (২ আগস্ট, ২০২৬) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রাম থেকে আত্মগোপনে থাকা নয়ন গোলদারকে আটক করা হয়। আটক নয়ন কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাহুথড় গ্রামের নীরোদ গোলদারের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৮ জুলাই হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই শিক্ষার্থী ও তরুণকে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সামনেই মধ্যযুগীয় কায়দায় হেনস্তা করা হয়। এসময় উপস্থিত কয়েকজন পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।
নেটদুনিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর লোকলজ্জা ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ছাত্রী নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রাহুথড় উপস্বাস্থ্য কেন্দ্রে এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ার হোসেন জানান, ওই দিন পোশাক পরা অবস্থায় মেয়েটি এক তরুণের সঙ্গে হাতিয়াড়া গ্রামে গেলে নয়ন গোলদারসহ কয়েকজন তাদের ধরে আনে এবং গেটের ভেতরের গাছে বেঁধে রাখে। পরে নয়ন গোলদার তাদের ছাড়িয়ে এনে অভিভাবকের জিম্মায় দেন।
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, আটক নয়ন গোলদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্তে অভিযান চলছে। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
