অস্ট্রেলিয়ার খ্যাতনামা ইউনিভার্সিটি অব সিডনিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘কোডিং ফেস্ট ২০২৬’-এ ‘বেস্ট প্রজেক্ট ইন এআই ফর এডুকেশন’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির (ইউএফটিবি) একদল তরুণ গবেষক।
আধুনিক ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থাকে আরও বুদ্ধিমান, সহজলভ্য এবং শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলার লক্ষ্যে তৈরি করা উদ্ভাবনী এআই প্রজেক্ট ‘শিক্ষাই’ (Sikkhai)-এর জন্য আন্তর্জাতিক এই গৌরবময় সম্মাননা অর্জন করে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক এই বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইউএফটিবি গবেষক দলের জমা দেওয়া চারটি গবেষণাপত্রই সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার এক বিরল ও অনন্য নজির স্থাপিত হয়েছে।
সম্মেলনে গৃহীত গবেষণাপত্রগুলোর মধ্যে রয়েছে—ইইজি (EEG) সিগন্যাল ব্যবহার করে তৈরি নিউরো-সিম্বলিক এআইভিত্তিক সহায়ক যোগাযোগ ব্যবস্থা, ব্লকচেইন প্রযুক্তির সমন্বয়ে সুরক্ষিত ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং পরিবেশবান্ধব আইওটি-ভিত্তিক (IoT) স্মার্ট কৃষি সমাধান। বহুমুখী এই গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি দলটির অসামান্য মেধা, গবেষণা ভাবনার বৈচিত্র্য এবং প্রখর একাগ্রতার পরিচয় দেয়।
বিশ্বের শীর্ষ সারির প্রযুক্তিবিদ ও গবেষকদের উপস্থিতিতে এই অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষ এবং গবেষণার মানকে এক অনন্য উচ্চতায় উন্নীত করেছে। তরুণ গবেষকদের এমন উদ্ভাবনী মেধা প্রমাণ করে যে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিশ্বমানের উদীয়মান প্রযুক্তিতে নেতৃত্ব দিতে বাংলাদেশের নতুন প্রজন্ম এখন সম্পূর্ণ প্রস্তুত।
