ফোরটিন ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলায় ধর্ষণের অভিযোগে কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। গত ৭ সেপ্টেম্বর লোহাগড়া থানায় মামলাটি করা হলেও মঙ্গলবার থেকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলাটি করেছেন।
মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, ওই নারীর স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। অভিযোগ অনুযায়ী, তরিকুল ইসলাম বিভিন্ন সময় ওই নারীকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি তিনি তার স্বামীকে জানান।
মামলার অভিযোগে আরও বলা হয়, এতে ক্ষিপ্ত হয়ে তরিকুল ওই নারীকে হুমকি দেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।
অভিযোগে বলা হয়, গত ৩১ আগস্ট গভীর রাতে বাড়িতে থাকা হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই নারী। হাঁস-মুরগি দেখে তিনি ঘরে ফেরার সময় পেছন থেকে তরিকুল ইসলাম তাকে জাপটে ধরেন। পরে আরও দুজনের সহায়তায় তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে তরিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, তরিকুল কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। অভিযোগের বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
