সুমাইয়া সুলতানা সিনথী, জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬’-এ এবার ‘নাট্যজন সম্মাননা’ পাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও লেখক আবুল হায়াত।
আগামী ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী এই নাট্যোৎসব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উৎসবের এই আয়োজনে গুণী এই শিল্পীকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।
মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে কয়েক দশকের অনন্য অভিনয় ও সৃজনশীল অবদানের মাধ্যমে বাংলা নাট্যাঙ্গনে এক অনন্য স্থান অধিকার করেছেন আবুল হায়াত। শিল্প ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছেন। খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব—পুরা নামের এই গুণী ব্যক্তিত্বের ডাক নাম রবি। তিনি বহু বছর ধরে টিভি নাটকে, সিনেমায় আর বিজ্ঞাপনে সফলতার সাথে অভিনয় করে আসছেন। ১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মাধ্যমে তাঁর প্রথম অভিনয়। এর পর একে একে ৫০০-এরও অধিক নাটকে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত অসংখ্য নাটকে তিনি অংশ নিয়েছেন, যার মধ্যে “মিসির আলি” তাঁর একটি স্মরণীয় চরিত্র।
তিনি অভিনেত্রী বিপাশা হায়াতের পিতা। অভিনয়ের পাশাপাশি তিনি মাঝে মাঝে বিভিন্ন পত্র-পত্রিকায় কলাম লিখে থাকেন। প্রথম আলোতে তাঁর কলামের নাম “এসো নীপবনে”।
নাট্যোৎসবের এই আয়োজনে গুণীজনদের মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ের সকল নাট্যপ্রেমীদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ।
