নিজস্ব প্রতিবেদক: চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন একদল এইচএসসি পরীক্ষার্থী। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অবিচার।
এদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, “কালকে সকাল ১১ টার মধ্যে সকল এইচএসসি শিক্ষার্থীকে সায়েন্স ল্যাবে উপস্থিত থাকার আহ্বান। ঠিক সকাল ১১ টায় সায়েন্স ল্যাব।”
আহ্বানকারীরা দাবি করেন, বন্যাকবলিত অঞ্চলের অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এছাড়া প্রতিকূল আবহাওয়া, স্বাস্থ্যঝুঁকি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন।
