নিজস্ব প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার নিজ বাসা থেকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড়া এলাকায় অসুস্থ মাকে দেখতে কয়েক দিনের জন্য নিজ বাড়িতে এসেছিলেন সানজিদা আক্তার। তিনি ওই এলাকার ইসমাইল কবিরাজের মেয়ে। বাড়িতে তাঁর অবস্থানের তথ্য পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আজ রবিবার (২৮ জুন) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্র আরও জানায়, সানজিদা আক্তার ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি ইডেন কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য এবং বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার একটি সুনির্দিষ্ট মামলায় সানজিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাঁকে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।
