নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আজ সোমবার (২৯ জুন) সকাল থেকেই আইভ্যাক কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার প্রথম দিনেই রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইন দেখা গেছে।
দীর্ঘদিন পর পুনরায় এই ভিসা সেবা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও স্বস্তি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার ধকল থাকলেও ভারতে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর এই ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য নিয়মিত ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছিল ভারত সরকার।
পরবর্তী সময়ে জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে সীমিত পরিসরে কেবল মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যকার এই দীর্ঘদিনের ভিসা জটিলতার অবসান ঘটল।
প্রাথমিকভাবে দেশের পাঁচটি প্রধান শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রগুলোতে এই পর্যটন ভিসা সেবা চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এই সেবা চালু করা হবে।
