ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জামাল উদ্দিন বাদশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, খন্দকার জামাল উদ্দিন বাদশা একটি রাজনৈতিক মামলার এজাহারনামীয় আসামি। এর আগে গত মে মাসে তিনি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তিনি ময়মনসিংহের নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নেয়।
আসামিকে আদালতে হাজির করা এবং পরবর্তীতে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।
যোগাযোগ করা হবে তার নিকট আত্মীয় জানান, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর আবার কেন তাকে গ্রেফতার করা হলো? তিনি আর তার বিরুদ্ধে দেওয়া সকল মামলা পাতানো এটা সকলেই জানে। তাঁর জনপ্রিয়তার কারনে তাকে গ্রেফতার করা হচ্ছে। আর নির্দোষ ব্যক্তিদের গ্রেফতার করে জেল খানায় নির্যাতন করে হত্যা এখন একটা আতঙ্কের জন্ম দিয়েছে। আমরা খুবই চিন্তিত।
