নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।
রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। সজীবের বিরুদ্ধে বাবার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে চাঁদাবাজি, দখল ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আটক করার পর খাইরুল ইসলাম সজীবকে প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ওই দিন সন্ধ্যায় তাকে ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে জেলা ডিবি কার্যালয়ে আনা হয় এবং পরে ডিএমপির ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বহিষ্কৃত সজীবের কোনো অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক বর্জন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে হিসেবে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন সজীব। তার এই আকস্মিক গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
