নিজস্ব প্রতিনিধি : মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে তিন বছরের এক অবুঝ শিশু কন্যাকে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ধর্ষক এলাকা ছেড়ে আত্মগোপন করেছে।
শনিবার (২০ জুন) বিকেলে নির্যাতিতা শিশুর চাচী জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নির্যাতিত শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার (১৯ জুন) বিকেলে প্রতিবেশী মৃত আজাহার সিকদারের ছেলে জালাল সিকদার (৬৫) তিন বছরের ওই শিশু কন্যাকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে নিজ বসতঘরের ভেতরে ডেকে নেয়। সেখানে ঘরের দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বৃদ্ধ জালাল সিকদারের একাধিক বিয়ে থাকলেও বর্তমানে তাঁর ঘরে কোনো স্ত্রী নেই। সে দীর্ঘদিন ধরে একাকী ওই বাড়িতে বসবাস করে আসছিল।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ জানান, শিশু কন্যাটির যৌনাঙ্গ মারাত্মক ফোলা ও রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওই দিন রাতে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মো. ফিরোজ আলম বলেন, খবর পেয়ে ওই রাতেই তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির খোঁজখবর নেন। পরবর্তীতে নির্যাতিতা শিশুর চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন।
তিনি আরও বলেন, পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্তকে তার বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। এই বর্বরোচিত ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
